স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষ তেত্রিশ হাজার টাকা।
রোববার (০২ নভেম্বর) দিনব্যাপী বিজিবি’র বিশেষ টহলদল, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় এই মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি কর্মকর্তারা জানান, অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট (মাদকদ্রব্য), বিভিন্ন প্রকার শাড়ী, কম্বল, শাল চাদর এবং বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, “দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।”
তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিজিবি মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সর্বদা অব্যাহত থাকবে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।







