স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত যুবকের নাম আবিদ হাসান (৩০)। তিনি খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকার রুহুল আমিনের ছেলে। রবিবার দুপুরে কোতয়ালী মডেল থানার আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অধিদপ্তরের একটি দল খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় আসামী আবিদ হাসান তার নিজ বসতঘরে অবস্থান করছিলেন। অভিযানকালে তার হেফাজত থেকে ২০০ (দুইশত) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করাসহ গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে গ্রেপ্তারকৃত আবিদ হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী যশোর কোতয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।#







