স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের অভয়নগরে ইসলামী ব্যাংক পিএলসি নওয়াপাড়া শাখার ৩ কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। নওয়াপাড়া বাজার ব্যবসায়ীদের উদ্যোগে সোমবার (৩ নভেম্বর) দুপুরে ইসলামী ব্যাংক পিএলসি নওয়াপাড়া শাখার সামনে যশোর-খুলনা মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে শতাধিক ব্যবসায়ী অংশ নেন।
ব্যবসায়ীদের অভিযোগের কেন্দ্রে থাকা অভিযুক্ত তিন কর্মকর্তা হলেন, ইসলামী ব্যাংক পিএলসি নওয়াপাড়া শাখার সাবেক ম্যানেজার মোস্তফা মেহেদী হোসাইন চৌধুরী, সাবেক ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ সাফারুল ইসলাম, ম্যানেজার (অপারেশন) আব্দুল হান্নান।
দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত চলা এই মানববন্ধনে বক্তব্য রাখেন রাজ এন্টারপ্রাইজের মালিক জাকির হোসেন রাজ, এস রেজা এন্টারপ্রাইজের মালিক শাহিন রেজা, এস আলম এন্টারপ্রাইজের মালিক শমসের আলম, ফোর্ট ইন্টারন্যাশনালের মালিক আল আমিন, ইউটুপিয়া ইন্টারন্যাশনালের মালিক রাজু আহম্মেদ, কর্নফুলি এন্টারপ্রাইজের মালিক আবুল কাশেম, সোনার বাংলা ইন্টারন্যাশনালের মালিক সোহাগ, আহম্মেদ ট্রেড ইন্টারন্যাশনালের মালিক সালেহ আহমেদ, নামীরা ইন্টারন্যাশনালের মালিক মো. সাজ্জাদ প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, “ইসলামী ব্যাংক নওয়াপাড়া শাখার সাবেক ম্যানেজার মোস্তফা মেহেদী হোসাইন চৌধুরী, সাবেক ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ সাফারুল ইসলাম ও ম্যানেজার (অপারেশন) আব্দুল হান্নান নিজেদের স্বার্থে ব্যাংকের নিয়মনীতি উপেক্ষা করে কোটি কোটি টাকার অনৈতিক লেনদেন করেছেন।”
তারা আরও বলেন, বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার পর নিজেদের অপকর্ম আড়াল করতে ওই তিন কর্মকর্তা নওয়াপাড়া বাজারের ১২ থেকে ১৫ জন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর নাম জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করেন। বক্তাদের দাবি, “ইতোমধ্যে ব্যাংক কর্তৃপক্ষ দুইজন কর্মকর্তাকে বদলি করলেও দুদকে দায়ের করা মামলায় ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছেন।”
মানববন্ধন থেকে ব্যবসায়ীরা কর্তৃপক্ষের কাছে তিনটি মূল দাবি পেশ করেন,ইসলামী ব্যাংকের ভাবমূর্তি রক্ষায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দুর্নীতিবাজ কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ব্যবসায়ীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ব্যবসায়ীদের ওপর যেকোনো ধরনের হয়রানি বন্ধ করতে হবে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই দাবিগুলো মানা না হলে নওয়াপাড়া বাজারের সর্বস্তরের ব্যবসায়ীরা কঠোর আন্দোলন করতে বাধ্য হবেন।







