স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর শহরের নলডাঙ্গা রোড এলাকার গৃহবধূ মেঘলা খাতুন। ওয়ার্কসপে কাজ করা স্বামীর আয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয় তাকে। এজন্য বাড়িতে বসে কাজ করে বাড়তি আয়ের চিন্তা করছিলেন। তবে আর্থিক অস্বচ্ছলতার জন্য তাও করতে করতে পারছিলেন না। এমন সময় মেঘলা খোঁজ পান যশোর রিপন অটো প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনায় পরিচালিত সামাজিক সংগঠন আসাদ স্মৃতি ইনস্টিটিউশন। এ সংগঠনের পক্ষ থেকে বিনামূল্য সেলাই প্রশিক্ষণ প্রগ্রামে ভর্তি হন। ছয় মাসের প্রশিক্ষন শেষে পেয়েছেন সেলাই মেশিন, কাপড় ও সেলাই কাজের বিভিন্ন সরঞ্জাম কেনার জন্য নগদ অর্থ।
শুধু মেঘলা না মেঘলার মতো সংগঠনের ৬ষ্ঠ ব্যাচের প্রশিক্ষন নেয়া ৩০ জনের হাতে বুধবার সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার বিকেলে শহরের আরএন রোড নতুনবাজার মাঠ প্রাঙ্গনে আসাদ স্মৃতি ইনস্টিটিউশেনের ২০ বছরপূর্তি উৎসবে এসব নারীদের সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও আগামী সংসদ নির্বাচনে দলের যশোর-৩ আসনে মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি তার বক্তব্য বলেন, আসাদ স্মৃতি ইনস্টিটিউশন যে কাজ করছে তা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। রাষ্ট্র ব্যর্থ বলে কিছু ব্যক্তিকে এমন দায়িত্ব কাঁদে তুলে নিতে হয়।
বাংলাদেশের জন্ম লগ্ন থেকে এখন যা কিছু অর্জন করেছে তা দেশের জনগণের কর্মস্পৃহার ফল। বাংলাদেশের নাগরিকের কর্মকান্ড দেখে বাষ্ট্রের শেখা উচিত।
তিনি আরও বলেন, নারীদের বিনামূল্য সেলাই প্রশিক্ষনের ধারণা প্রথমে এসেছিল প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাথায়। তিনি জাতীয় মহিলা সংস্থা খুলে সর্বপ্রথম নারীদের বাড়ি থেকে ডেকে নিয়ে প্রশিক্ষনের ব্যবস্থা করেছিল। সেই সাথে তাদের কর্মসংস্থানের জন্য ৫-২০ হাজার টাকা পর্যন্ত ঋনের ব্যবস্থা করেছিল। বিধবা ভাতা, বয়স্ক ভাতাসহ দেশে যত রকমের ভাতা আছে তা চালু করেছিলেন বেগম খালেদা জিয়া। বিএনপির চেয়ারপার্সন প্রধানমন্ত্রী হওয়ার সর্বপ্রথম সবার জন্য শিক্ষা, মেয়েদের জন্য মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, বিনামূল্য বই দেয়ার প্রবর্তন করেছিলেন।
যশোরের নাগরিকদের সুষ্ঠু ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গন উপহার দেয়া প্রতিশ্রতি দিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ক্রীড়া ও সাংস্কৃতি অঙ্গন সচল থাকলে সমাজ মাদক মুক্ত থাকে। তা যদি বিএনপি সরকার গঠন করে ও যশোরবাসী যদি আমাকে সুযোগ দেন তাহলে যশোর ক্রীড়াঙ্গন সচল রাখা হবে। ক্রীড়াঙ্গন সচল রাখা মানে স্টেডিয়াম সচল, প্রতিটা পাড়ামহল্লায় মাঠ সচল থাকবে। এলক্ষ্যে বিএনপি ইতোমধ্যে যশোর পৌরসভার ওয়ার্ডপর্যায়ে ফুটবল সম্পন্ন করেছে। খুব শ্রীগ্রই ক্রিকেট ও ইউনিয়ন পর্যায়ের ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করবে। এছাড়া তিনি যশোরে নাগরিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য পুর্নাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল ও করোনারি কেয়ার ইউনিট গঠনের প্রতিশ্রুতি দেন।
বিএনপির সরকার গঠন করলে চিনি, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার জন্য আর্থিক সহায়তার জন্য পারিবারিক কার্ড করে দেয়া হবে। এছাড়া বিএনপি ক্ষমতায় গেলে মেধা ও যোগ্যতায় দেশে দেড়কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
অনুষ্ঠানে পৌরসভার ৮নং ওয়ার্ডের মহল্লা সুরক্ষা কমিটির আহ্বায়ক খান মো. শফিক রতনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দুই হাত ও একটি পা ছাড়া জন্ম নেয়া মেধাবি শিক্ষার্থী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যর তৃতীয় বর্ষের শিক্ষার্থী তামান্না নূরা। তিনি তার জীবনের নানা সংগ্রামের কথা তুলে ধরেন। তিনি বলেন, জীবনের প্রতিটা ক্ষেত্রে আত্মবিশ্বাস নিয়ে চলেছি। আত্মবিশ্বাস থাকলে জীবনের প্রতিটা কাজে সফল হওয়া যায়।
রিপন অটোস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান এজাজ উদ্দিন টিপুর পরিচালনা স্বাগত বক্তব্য রাখেন আসাদ স্মৃতি ইনস্টিটিউশনের সাধারন সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আইয়াজ উদ্দিন রিপন।
রিপন তার স্বাগত বক্তব্যে আসাদ স্মৃতি ইনস্টিটিউশনের বিভিন্ন শুরু কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, ‘২০০৫ সাল থেকে আসাদ স্মৃতি সামাজিক কাজ করে আসছে। আসাদ স্মৃতি ইন্সটিটিউটের তত্ত্বধানে এখন পর্যন্ত ৮০০জন নারী ও শিশুকে ফ্রিতে কুরআন শিক্ষা, ১৩০’শ উপর নারীদের সেলাই প্রশিক্ষন দেয়া হয়েছে। সেই সাথে সংগঠনের পক্ষ থেকে প্রতিবছর ১৩০ জনকে বয়স্ক ভাতা প্রদান করা হয়। এছাড়া এলাকার মানুষের জন্য মাসে দুই দিন ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। এ ক্যাম্পে একজন গাইনী, শিশু ও দুইজন মেডিসিন চিকিৎসক থাকে।
তিনি বলেন, এভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য যার যার অবস্থা থেকে যদি এগিয়ে আসে; তাহলে সমাজে আর বৈষম্য থাকবে না।’
প্রশিক্ষনার্থী মেঘলা খাতুন বলেন, দর্জি প্রশিক্ষনের জন্য অন্য যায়গায় অনেক টাকা ফি দিতে হয়। তবে রিপন অটো আমাদের ফ্রিতে প্রশিক্ষন দিয়েছে। শুধু প্রশিক্ষনই দেননি। সাথে সেলাই মেশিন ও নগদ টাকা দিয়েছে। যার মাধ্যমে আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। পরিবারের পাশে দাঁড়াতে পারছি। তিনি রিপন অটোর রিপন ও টিপুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট শহীদ আনোয়ার, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আরএন রোড ক্রীড়া চক্রের সভাপতি মোস্তফা গোলাম কাদের, সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর সার্কেলের সভাপতি শাহিনুর হোসেন ঠান্ডু, ব্যবসায়ি সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।






