স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন ফরিদপুরের জোনাল সেটেলমেন্ট অফিসার ও উপসচিব মোহাম্মদ আশেক হাসান। মঙ্গলবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে নিজ কার্যালয়ে যোগদান করেন। এর আগে গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে পদায়ন করা হয়।
জানা গেছে, নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান একটি শিক্ষিত ও সম্মানিত পরিবারের সদস্য। তার পিতা বিশিষ্ট চিকিৎসক ডা: সোহরাব হোসেন কোবাদ মিয়া এলাকায় একজন সমাজসেবক ও মানবিক মানুষ হিসেবে ব্যাপক সুপরিচিত। তার মা-ও শিক্ষামূলক ও সামাজিক কর্মকাণ্ডে পরিচিত মুখ ছিলেন, যিনি প্রায় এক বছর আগে মৃত্যুবরণ করেন।
পারিবারিক পরিমণ্ডলে তার বড় ভাই মাহাবুব হাসান বাবর সরকারী মুকসুদপুর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে এবং আপন মামা মো: ছিরু মিয়া মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, পরিবারের এই মূল্যবোধ, শিক্ষা ও নৈতিকতা তার কর্মজীবনে গভীর প্রভাব ফেলেছে।
২৭তম বিসিএস-এর এই কর্মকর্তা ইতিপূর্বে ফরিদপুরের জোনাল সেটেলমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তার কর্মজীবনে তিনি এডিসি (জেনারেল ও রাজস্ব) রাজবাড়ী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে ডুমুরিয়া (খুলনা) ও বাঘারপাড়া (যশোর), এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (মান্দা, নওগাঁ), এনডিসি (নওগাঁ), এডিএম (রাজবাড়ী), জেল সুপার, এলএও, এসি (কন), আরআরডিসি, ট্রেজারি অফিসার ও ডিআরআরও হিসেবে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
কর্মজীবনে তিনি সততা, ন্যায়পরায়ণতা ও বিনয়ী আচরণের কারণে সর্বমহলে সমাদৃত হয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তিনি উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন।
মোহাম্মদ আশেক হাসানের এই নিয়োগে তার জন্মস্থান মুকসুদপুর উপজেলার সর্বস্তরের মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ও তার আপন মামা মো: ছিরু মিয়া এক বিশেষ বার্তায় তাকে অভিনন্দন জ্ঞাপন করেছেন।
অন্যদিকে, যশোরের বদলিকৃত জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব পদে পদায়ন করা হয়েছে। তিনি যশোরে দায়িত্ব পালনকালে প্রশাসনিক কর্মকাণ্ডে দক্ষতা ও আন্তরিকতার স্বাক্ষর রেখে গেছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই আদেশের মাধ্যমে যশোর প্রশাসনে নতুন নেতৃত্বের আগমন ঘটল। স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে।







