স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে ২০১৫ সালের ২৩ নভেম্বর ছাত্রলীগের দুর্বৃত্তদের নির্মম নৃশংসতায় নিহত দুই মেধাবী শিক্ষার্থী—হাবিবুল্লাহ হোসাইন ও কামরুল হাসানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলেজের আব্দুল হাই কলা ভবনে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ হাবিবুল্লাহ হোসাইনের বাবা নিয়ামত আলী এবং শহীদ কামরুল হাসানের বাবা মোহাম্মাদ আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এস এম শফিকুল ইসলাম।
বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ এ কে এম রফিকুল ইসলাম, অর্থনীতি বিভাগের অধ্যাপক সাজ্জাদুল ইসলাম এবং অনুষ্ঠানের আহ্বায়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুকুল হায়দার।
এ ছাড়া বক্তব্য দেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং ইসলামী শিবিরের সভাপতি রাসেল ফারহান।
শেষে এমএম কলেজ কেন্দ্রীয় মসজিদের ইমাম আমজাদ হোসেন নিহত দুই শিক্ষার্থীর রূহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন।





