যশোরে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোর সদর উপজেলার নওয়াপাড়ার পাগলাদাহ গ্রামে ছুরিকাঘাতে শহিদ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে।নিহত শহিদ নওয়াপাড়ার পাগলাদাহ গ্রামের বাসিন্দা। তিনি বছিরের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাগলাদাহ এলাকায় শহিদের বাড়ির সামনে রহমানের দোকানের মোড় নামক স্থানে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে একই গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহত অবস্থায় শহিদের বাবা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনেরা জানান, একই গ্রামের পিয়াস (২৪), আলিফ (১৮), ইরান (২৪) ও রিয়াজ (২৫) এ ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ জানান, ঘটনার তদন্ত চলছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।