স্বাধীন কন্ঠ ডেস্ক
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে শনিবার (১৩ ডিসেম্বর ) সকালে যশোর শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, যশোর শহর শাখা।
গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) জুম্মার নামাজের পরপরই প্রায় দুপুর ২টা ২৫ মিনিটে রাজধানীর পল্টনে বিজয়নগরের কালভার্ট এলাকায় শরীফ ওসমান হাদীর ওপর এই নারকীয় হামলা সংঘটিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে, যা তাঁর চোয়ালে আঘাত হানে। হামলার পরপরই গুরুতর আহত অবস্থায় হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
শনিবার সকাল ১০টায় যশোর শহরের প্রাণকেন্দ্র দাড়াটানা ভৈরব চত্বরে এই প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর শিবিরের সেক্রেটারি উবাইদুল্লাহ হুসাইন। তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “অবিলম্বে এই বর্বরোচিত হামলার অপরাধীদের গ্রেফতার করতে হবে। ফ্যাসিবাদের দোসরদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। ফ্যাসিবাদের আগ্রাসন রুখে দিতে শিবির সদা জাগ্রত।” তিনি জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীর দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।
এছাড়াও সমাবেশে আরও বক্তব্য দেন শহর শিবিরের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান, এম এম কলেজ শাখা সভাপতি রাসেল ফারহান, এবং পৌর শাখা সভাপতি মুহিবুল্লাহ হুসাইন। বক্তারা ছাত্রসমাজকে ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে ঐক্যবদ্ধ হওয়ার এবং জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তারা অবিলম্বে অপরাধীদের গ্রেফতার এবং সকল জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান।
সমাবেশ শেষে শহর সেক্রেটারি উবাইদুল্লাহ হুসাইনের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের সমাপ্তি হয় কোতোয়ালি থানার সামনে, যেখানে শরীফ ওসমান হাদীর সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়।







