স্বাধীন কন্ঠ ডেস্ক
অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে যশোরের অভয়নগরে ভবদহের জলাবদ্ধ এলাকার ২০ জন নারীকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে। বসুন্ধরা গ্রুপের সহায়তায় ‘শুভসংঘ অভয়নগর উপজেলা শাখা’র উদ্যোগে রবিবার (২১ ডিসেম্বর) সকালে নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।
উপকারভোগী নারীদের আগে অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ প্রদান করা হয়েছিল। প্রশিক্ষণ শেষে হাতে-কলমে কাজ শুরু করার জন্য তাদের এই সেলাই মেশিন দেওয়া হলো।
বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার উপদেষ্টা ও নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমানের সভাপতিত্বে এই সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু,নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ রবিউল হাসান,বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র অফিসার মো. মামুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. ফেরদৌস শান্তসহ নওয়াপাড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠ অভয়নগর উপজেলা প্রতিনিধি সৈয়দ জাহিদ মাসুদ তাজ।
বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির পরিচালক জাকারিয়া জামান তাঁর বক্তব্যে বলেন, “বসুন্ধরা গ্রুপ নারীদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন উপহার দিয়ে আসছে। ইতোমধ্যে প্রায় ৩০ হাজার সেলাই মেশিন দেশের বিভিন্ন উপজেলায় নারীদের মাঝে বিতরণ করা হয়েছে। একই সঙ্গে বসুন্ধরা গ্রুপ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি, গৃহহীনদের জন্য ঘর নির্মাণসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড করে থাকে। সুবিধাবঞ্চিত ও অসচ্ছল নারীদের আত্মনির্ভরশীল করে গোড়ে তুলতে বসুন্ধরা শুভসংঘের এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।”
অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার শেখ সালাউদ্দীন দিপু বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “নারীদের আত্মনির্ভরশীল করা লক্ষ্যে বসুন্ধরা গ্রæপের এ ধরণের উদ্যোগ প্রশংসনীয়।”
সেলাই মেশিন উপহার পেয়ে সুন্দলী ইউনিয়নের উপকারভোগী টুকটুকি মন্ডল বলেন, “তিন মাস প্রশিক্ষণ শেষে একটি নতুন সেলাই মেশিন পেয়েছি। আশা করি এই মেশিন ব্যবহার করে নিজের পায়ে দাঁড়াতে পারব। পরিবারের অভাব ঘোচাতে কিছুটা হলেও সহযোগিতা করতে পারব।”
ডহরমশিয়াহাটী গ্রামের উপকারভোগী শিক্ষার্থী মিতা দাস বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “ভবদহের জলাবদ্ধ এলাকার মানুষ খুবই অসহায়। অনেকেই আসেন এবং কথা দিয়ে কথা না রেখে হারিয়ে যান। ব্যতিক্রম বসুন্ধরা শুভসংঘের সংগঠন। তারা কথা দিয়ে কথা রেখেছে। ৩ মাস প্রশিক্ষণ শেষে উপহার হিসেবে নতুন সেলাই মেশিন দিয়েছে।”
বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার সভাপতি সৈয়দ সোহায়েব ইমতিয়াজ ইয়াদ বলেন, “জনকল্যাণ ও সামাজিক ভালো কাজের সঙ্গে রয়েছে বসুন্ধরা শুভসংঘ। অভয়নগরবাসীর প্রেরণায় শুভ কাজে সবার পাশে বন্ধু হিসেবে কাজ করে যাবে বসুন্ধরা গ্রুপ।”







