ভারতে যাওয়ার সময় বেনাপোলে যুবলীগ নেতা আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে পলাতক আসামি ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠান (৩৮) কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের একটি দল তাকে আটক করে। আটক রাসেল পাঠান ময়মনসিংহ জেলার সানকিপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক পাঠানের ছেলে।

ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক সাখাওয়াত হোসেন জানান, পলাতক এক আসামি বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে পারে—এমন গোপন তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় নজরদারি জোরদার করা হয়। এ সময় রাসেল পাঠান এক্সিট সিল নেওয়ার জন্য ইমিগ্রেশন অফিসারের কাছে পাসপোর্ট জমা দিলে তার নাম ব্ল্যাকলিস্টে পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত হওয়ার পরই তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি একাধিক মামলার আসামি হওয়ার কথা স্বীকার করেছেন।

আটকের পর রাসেল পাঠানকে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে।