যশোরের দুইটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ৭ প্রার্থী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের যশোর-৫ (মণিরামপুর) ও যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, যশোর-৫ (মণিরামপুর) আসনে জমা দেওয়া ৮টি মনোনয়নপত্রের মধ্যে ৪টি বৈধ ও ৪টি বাতিল হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন—রশীদ আহমাদ (বিএনপি), গাজী এনামুল হক (জামায়াতে ইসলামী), জয়নাল আবেদীন (ইসলামী আন্দোলন বাংলাদেশ) এবং স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। অন্যদিকে, মনোনয়নপত্র অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির এমএ হালিম এবং ১ শতাংশ ভোটার তালিকায় ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান, এবিএম গোলাম মোস্তফা ও নজরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

যশোর-৬ (কেশবপুর) আসনে ৫ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বৈধ ও ২ জনেরটি বাতিল হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন—আবুল হোসেন আজাদ (বিএনপি), মোক্তার আলী (জামায়াতে ইসলামী) ও মাহমুদ হাসান (এবি পার্টি)। এই আসনে দলীয় অঙ্গীকারনামায় সাক্ষীর স্বাক্ষর না থাকায় জাতীয় পার্টির জি এম হাসান এবং ঋণখেলাপি হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শহিদুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়।

বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন।