যশোরে নাশকতার মামলায় চারজনকে আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোরে পুলিশ পৃথক অভিযানে তিনটি নাশকতার মামলায় চারজনকে আটক করেছে। আটক চারজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী।

কোতোয়ালি থানার এসআই ইলিয়াস হোসেন জানান, গত ২ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যশোর সদর উপজেলার এড়েন্দা বাজার থেকে আওয়ামী লীগের দেয়াড়া ইউনিয়ন শাখার ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাইদুর রহমান খোকন ওরফে বাবু (৫৫) কে আটক করা হয়। তিনি এড়েন্দা বাজার এলাকার মৃত ডাক্তার আব্দুল খালেকের ছেলে।

এছাড়া ২ ডিসেম্বর রাত ৯টার দিকে শহরের ষষ্টিতলা পাড়া থেকে আওয়ামী লীগের কর্মী ফয়সাল হোসেন (৩৮) কে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। ডিবি পুলিশের বিশেষ সহায়তায় এই দুজনকে আটক করা হয় বলে তিনি জানান। ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি এই দুজন।

কোতোয়ালি থানার এসআই অনুপ কুমার মণ্ডল জানান, গত ২ জানুয়ারি রাতে শহরের বেজপাড়া মাহফুজ সড়ক এলাকা থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা নজরুল ইসলাম সোহাগ (৪৮) কে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত কাজী সদরুল হুদার ছেলে। গত ১২ নভেম্বর ভোরে যশোরের উপশহর পার্ক রোডে পার্কিং করা একটি বাসে আগুন দেওয়ার মামলার সন্দেহভাজন আসামি তিনি।

কোতোয়ালি থানার এসআই জাহিদুল ইসলাম জানান, গত ২ জানুয়ারি রাতে নিজ বাড়ি থেকে যুবলীগের নওয়াপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি শহিদুল ইসলাম (৫০) কে আটক করা হয়। তিনি তরফ নওয়াপাড়া এলাকার আবু বক্কর সরদারের ছেলে। ২০২৪ সালের ১৮ নভেম্বর যশোর–মনিরামপুর সড়কের কালাইতলা নামক স্থানে নাশকতার ঘটনায় দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি শহিদুল ইসলাম। তাকে ডিবি পুলিশের সহায়তায় আটক করা হয়েছে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী হোসেন জানান, নাশকতার মামলায় আটক চারজনকে ৩ ডিসেম্বর আদালতে সোপর্দ করা হয়েছে।