যশোরে সড়ক দূর্ঘটনায় নিহত ১

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোর শহরের দাইতলা পাকা রাস্তায় সড়ক দুর্ঘটনায় মুরাদ হোসেন নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় উত্তেজিত জনতা বাসচালকরায়হানকে আটক করে মারধর করেছে। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে সোমবার সকাল সাড়ে ১০টার পর যশোর সদর উপজেলার দাইতলা এলাকায় একটি লোকাল বাসের চাপায় পিষ্ট হয়ে মারা যান মুরাদ হোসেন নামে এক ইলেকট্রিশিয়ান। তিনি ঝুমঝুমপুর এলাকার বালিয়াডাঙ্গা গ্রামের কুবাদ আলীর ছেলে। ঘাতক বাসচালক রায়হান যশোর জেলার বাঘারপাড়া থানার দিয়াপাড়া গ্রামের মৃত ইউনুস গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মুরাদ হোসেন যশোর শহর থেকে বাইসাইকেল চালিয়ে নড়াইল জেলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দাইতলা পাকা রাস্তা পার হওয়ার সময় যশোর থেকে নড়াইলগামী একটি লোকাল বাস পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় জনগণ বাসটি আটক করে চালক রায়হান (২৫) কে মারধর করেন।

খবর পেয়ে তুলারামপুর হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত বাসচালককে জনতার হাত থেকে উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বাসচালককে যশোর কোতোয়ালি থানার পুলিশের কাছে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।