শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন অনিন্দ্য ইসলাম অমিত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশাচ্ছন্ন সকালে যশোর শহরের শীতার্ত ও অসহায় মানুষের মুখে হাসি ফোটালেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।

সোমবার সকাল ৮টায় যশোর শহরের লালদিঘি পাড় এলাকায় শীতার্ত অসহায়, দরিদ্র ও দিনমজুর মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। কনকনে ঠান্ডার মধ্যেও জীবিকার তাগিদে ভোর থেকে কাজে নামা মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়ান তিনি।

কম্বল বিতরণের সময় অনিন্দ্য ইসলাম অমিত শীতার্ত মানুষের খোঁজখবর নেন, কুশল বিনিময় করেন এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ সময় প্রবীণ নারী, দিনমজুর, রিকশাচালক ও শ্রমজীবী মানুষের চোখেমুখে স্বস্তি ও কৃতজ্ঞতার ছাপ স্পষ্টভাবে ফুটে ওঠে।