স্বাধীন কণ্ঠ ডেস্ক
গোপন সংবাদের ভিত্তিতে যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে ২৯৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার সকালে শার্শা থানাধীন ৭নং কায়বা ইউনিয়নের বাগুড়ী বেলতলা বাজারের তিন রাস্তার মোড়ে অস্থায়ী চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় একটি ডিসকভার মোটরসাইকেল পালানোর চেষ্টা করলে মোঃ বুলবুল সানা বুলি (৫২) ও শিল্পি (৪২) নামে দুইজনকে আটক করা হয়। পরে তল্লাশিতে বুলবুল সানার জ্যাকেটের পকেট থেকে ২৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া একটি ডিসকভার ১১৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটকরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।







