যশোর-৩ আসনে ধানের শীষের প্রার্থী অমিতের নির্বাচনী প্রচারণা শুরু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন যশোর-৩ আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।

নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, যশোরবাসীর নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাঁর প্রধান দায়িত্ব। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, যশোরকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলা হবে। মাদক ও সন্ত্রাস নির্মূলে জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, “আমরা সবাই মিলে শুধু যশোর নয়, পুরো বাংলাদেশকে নিরাপদ করতে চাই, যাতে দেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র বাস্তবায়নের সুযোগ না থাকে।”

তিনি আরও বলেন, যশোরে কোনো মাদক কারবারি বা সন্ত্রাসীর স্থান হবে না। এমনকি অপরাধী যদি তাঁর নিজ দলেরও হয়, তবুও বিএনপিতে তার জায়গা হবে না। ধর্ম কিংবা রাজনৈতিক বিশ্বাস কাউকে বিচার করার মানদণ্ড হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, অতীতে এসব বিষয়কে সামনে এনে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা হয়েছে। আমরা তারেক রহমানের নেতৃত্বে সবাইকে সঙ্গে নিয়ে যশোরকে নতুনভাবে গড়ে তুলতে চাই।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ভবিষ্যতে কেউ যদি জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়ানোর চেষ্টা করে, তবে যশোরে তার কোনো স্থান হবে না।

এ সময় তিনি তাঁর প্রয়াত পিতা তরিকুল ইসলামের উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্মরণ করে বলেন, বিএনপি যতবার সরকার গঠন করেছে, প্রতিবারই তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করেছেন। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে যশোরের প্রতিটি খাতে জনগণের চাহিদা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতিতে বিশ্বাসী। পরে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত সুজলপুর ঋষিপাড়ায় আরেকটি পথসভায় বক্তব্য প্রদান করেন।