জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ৯ম জাতীয় পে-স্কেল দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত যশোর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, জাতীয় পে-স্কেল কোনো নির্দিষ্ট শ্রেণি, ক্যাডার বা একক বিভাগের দাবি নয়; এটি দেশের প্রায় ২২ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর ন্যায্য ও সাংবিধানিক অধিকার। বিদ্যমান বেতন কাঠামো বর্তমান জীবনযাত্রার ব্যয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে সরকারি কর্মচারীদের জীবনমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কর্মস্পৃহা ও প্রশাসনিক দক্ষতা কমে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছে এবং কমিশনের সুপারিশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে। তবে দীর্ঘ সময় পার হলেও পে-স্কেল বাস্তবায়ন ও প্রয়োজনীয় গেজেট প্রকাশে দৃশ্যমান অগ্রগতি না থাকায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে গভীর উদ্বেগ ও হতাশা সৃষ্টি হয়েছে।

যশোর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা মনে করেন, সময়োপযোগী ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে দ্রুত জাতীয় পে-স্কেল বাস্তবায়ন করা হলে তা রাষ্ট্রীয় প্রশাসনকে আরও গতিশীল, দক্ষ ও কর্মচারীবান্ধব করে তুলবে।

উল্লেখ্য, পূর্বঘোষিত কর্মসূচির ধারাবাহিকতায় গত ১, ২ ও ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে যশোর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারীরা দেশের অন্যান্য সরকারি কর্মচারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন। দাবি বাস্তবায়নে কার্যকর ও সুস্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর ও বিস্তৃত কর্মসূচির ঘোষণা দেওয়া হতে পারে বলে জানান আন্দোলনকারীরা।
এ সময় আন্দোলনকারীরা দেশের সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী, পেশাজীবী সংগঠন, গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিক সমাজের সর্বাত্মক সহযোগিতা ও সংহতি কামনা করেন।