স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর শহরের ঢাকারোড এলাকায় যুবলীগ নামধারী আলোচিত ক্যাডার আরিফের বাড়িতে মধ্যরাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র, ধারালো অস্ত্র ও মদসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে। তবে অভিযানের আগেই পালিয়ে যায় মূল অভিযুক্ত আরিফ।
শনিবার দিবাগত রাত ১২টার পর ঢাকারোড বিসিএমসি সংলগ্ন আরিফের বাড়িতে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ দল। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী অভিযানে উদ্ধার করা হয় দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, একটি গুলি, দুটি চাপাতি, দুটি চাকু, একটি টেলিস্কোপ, এক বক্স এয়ারগানের গুলি, দুটি মেটাল স্ট্রিক, পাঁচটি মদের বোতল ও দুটি মোবাইল ফোন।
অভিযান চলাকালে আরিফ কৌশলে পালিয়ে গেলেও তার দুই ভাই জোয়েব হাসান সাকি ও জাকির হোসেন সাগরকে আটক করা হয়। পাশাপাশি আটক করা হয় আরিফের স্ত্রী লোপা খাতুন এবং সাগরের স্ত্রী তাহেরা আক্তার তানিয়াকে। রাত সাড়ে চারটার দিকে আটক চারজনকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের সময়ে আরিফ, সাকি ও সাগর এলাকায় প্রভাবশালী ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন। আরিফ সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের একটি অংশের বাহিনী প্রধান হিসেবে পরিচিত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া তারা শাহীন চাকলাদারের ভাই ফন্টু চাকলাদারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত ছিলেন।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, যুবলীগের নাম ব্যবহার করে অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি ও টেন্ডারবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন তারা। এর আগেও অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনা রয়েছে তাদের বিরুদ্ধে। এসব কারণে দীর্ঘদিন ধরেই তারা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।
বিশেষ বাহিনীর নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই মধ্যরাতে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।




