যশোরে পোলিং এজেন্টদের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে যশোরে পোলিং এজেন্টদের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার  যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আশেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।

প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার পোলিং এজেন্টদের উদ্দেশে বলেন, নির্বাচনকালীন আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং নির্বাচনের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে। তিনি বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পোলিং এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতমূলক আচরণের সুযোগ নেই।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, নির্বাচন চলাকালীন যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। তিনি পোলিং এজেন্টদের আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।

প্রশিক্ষণে ভোটগ্রহণ পদ্ধতি, ভোটার শনাক্তকরণ, ব্যালট প্রদান, ভোট গণনা ও ফলাফল প্রেরণ প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি নির্বাচন চলাকালীন দায়িত্ব পালনে পোলিং এজেন্টদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়।

এ সময় জেলা নির্বাচন অফিসার, সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে—এটাই জনগণের প্রত্যাশা। সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সেই প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।