যশোরে ট্যাপেনটাডোলসহ ট্রাকচালক আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোরের বেনাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে ১ হাজার ৬০০ পিস ভারতীয় ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ এক ট্রাকচালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকারী একটি পণ্যবাহী ট্রাক (ডব্লিউবি-১১-ডি-০৩৯৭) তল্লাশি চালিয়ে এসব মাদকজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় ট্রাকটির চালক আনার গাজী (৩৯) কে আটক করা হয়। তিনি ভারতের উত্তর ২৪ পরগনা জেলার সুখপুর গ্রামের হাজরা গাজীর ছেলে।

বিজিবি সূত্র জানায়, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে আইসিপি কার্গো গেটে ট্রাকটি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ট্রাকের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৬০০ পিস অবৈধ ট্যাপেনটাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেনাপোল বন্দর ব্যবহার করে পণ্য আমদানি-রপ্তানির আড়ালে প্রায়ই মাদকসহ বিভিন্ন অবৈধ পণ্য পাচারের অভিযোগ রয়েছে। এ ধরনের চোরাচালানের সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা। কেউ কেউ তদারকি সংশ্লিষ্ট কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশের আশঙ্কাও প্রকাশ করেছেন।

বিজিবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ট্রাকচালককে জব্দকৃত মালামালসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।