স্বাধীন কন্ঠ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনে ব্যবহৃত সকল প্রকার প্রচার সামগ্রী অপসারণ করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন করে ভোট গ্রহণের পর নির্ধারিত সময়ের মধ্যেই এসব সামগ্রী সরানো হয়।
শনিবার অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ নির্বাচনে ব্যবহৃত ব্যানার, ফেস্টুনসহ সব ধরনের প্রচার সামগ্রী অপসারণ করেন। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল এবং সদস্য সচিব রাজিদুর রহমান সাগরের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।
নির্বাচনী এলাকায় বিভিন্ন স্থানে টানানো ব্যানার, ফেস্টুন ও পোস্টার খুলে পিকআপ ভ্যানের মাধ্যমে সেগুলো অপসারণ করা হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল বলেন, “নির্বাচনী আচরণবিধি মেনে নির্ধারিত সময়ের আগেই অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী এলাকায় ব্যবহৃত সকল প্রকার প্রচার সামগ্রী অপসারণ করা হয়েছে।”
দলীয় সূত্রে জানা গেছে, আইন ও বিধি অনুসরণ করে নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে এ উদ্যোগ নেওয়া হয়।







