বুধবার, মার্চ ২৫, ২০২৬
Homeরাজনীতিস্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির

স্বাধীন কণ্ঠ ডেস্ক

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ২৬ মার্চ সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৪ মার্চ) দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবে তিনি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। একই সঙ্গে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দিবসটি উপলক্ষে দলের সারা দেশের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন নেতাকর্মীরা।

এর আগে, ২৫ মার্চ (বুধবার) বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান।

উল্লেখ্য, সাধারণত দলগতভাবে জাতীয় স্মৃতিসৌধ বা কেন্দ্রীয় শহীদ মিনারে কখনও যাননি জামায়াতের শীর্ষ নেতারা। তবে সর্বশেষ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে যান ডা. শফিকুর রহমানসহ দলের সংসদ সদস্যরা। তখনও দলটির পক্ষ থেকে জানানো হয়েছিল, রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবেই তারা এ কর্মসূচিতে অংশ নেন। এবারের বিজ্ঞপ্তিতেও একই কথা উল্লেখ করলো দলটি।

এর আগে ২০০১ সালে জোট সরকারের সময় মন্ত্রিসভার সদস্য হিসেবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলেন দলটির তৎকালীন আমির মতিউর রহমান নিজামী এবং সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়