স্বাধীন কন্ঠ ডেস্ক
পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি কাটিয়ে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে পুনরায় শুরু হয়েছে দুই দেশের মধ্যকার আমদানি-রপ্তানি বাণিজ্য। মঙ্গলবার সকাল ৯টা থেকে ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে পণ্য আদান-প্রদান শুরু হওয়ায় বন্দর এলাকায় আবার কর্মব্যস্ততা ও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
সকাল থেকেই বন্দরের শেডগুলোতে পণ্য লোড ও আনলোডের কাজে যোগ দিয়েছেন প্রায় তিন হাজার শ্রমিক। সিএন্ডএফ এজেন্ট, কাস্টমস কর্মকর্তা ও ব্যবসায়ীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বন্দর এলাকা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ছুটির কারণে সীমান্তের ওপাড়ে কয়েক হাজার পণ্যবাহী ট্রাক আটকা পড়ে এক বিশাল জটের সৃষ্টি হয়েছিল। বাণিজ্য শুরু হওয়ায় এখন সেই জট কমতে শুরু করেছে।
বন্দরের দেওয়া তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত, ভারত থেকে ৫৮ ট্রাক আমদানি পণ্য বাংলাদেশে প্রবেশ করেছে। অন্যদিকে ২৭ ট্রাক পণ্য ভারতে পাঠানো হয়েছে।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহ-সভাপতি আমিনুল হক সাংবাদিকদের বলেন, দীর্ঘ ছুটির ফলে যে জট তৈরি হয়েছিল, তা নিরসনে আমরা দ্রুত পণ্য খালাসের চেষ্টা করছি। কাস্টমস ও বন্দরের সহযোগিতায় আশা করছি দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ঈদের ছুটিতে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত ছিল সম্পূর্ণ স্বাভাবিক।
বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, ছুটি শেষে আমাদের সকল কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে যোগ দিয়েছেন। ব্যবসায়ীরা যাতে দ্রুততম সময়ে পণ্য খালাস করে নিতে পারেন, সেজন্য সংশ্লিষ্ট সকল বিভাগকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
