যশোরে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার ৪১
নিজস্ব প্রতিবেদক
যশোরে জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার নয়টি থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একাধিক দল যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পরিচালিত এ বিশেষ অভিযানে জেলার কোতোয়ালি থানা এলাকা থেকে সর্বোচ্চ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া চৌগাছায় ২ জন, মণিরামপুরে ৩ জন, শার্শায় ২ জন, অভয়নগরে ৪ জন, কেশবপুরে ৩ জন, বাঘারপাড়ায় ৪ জন, বেনাপোলে ৪ জন এবং ঝিকরগাছায় ২ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এই বিশেষ অভিযান চালানো হয়েছে।
তিনি আরো জানান, সাধারণ মানুষের জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের এ ধরনের অভিযান সামনেও অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে।













