সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে আদালতে মানহানি মামলা
কেশবপুর প্রতিনিধি
যশোরে কেশবপুর প্রেসক্লাবের সদস্য এবং দৈনিক জনতা পত্রিকার প্রতিনিধি রুস্তম আলীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভিযোগে আদালতে মানহানি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (০২ নভেম্বর) সাংবাদিক রুস্তম আলী বাদী হয়ে দুই পত্রিকার স্থানীয় প্রতিনিধির বিরুদ্ধে যশোর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেশবপুর আমলি আদালতে এই মামলা করেন। মামলা নম্বর— সি আর ৭৩৩/২৬।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, সাংবাদিক রুস্তম আলী দীর্ঘ ২২ বছর ধরে সততা ও সুনামের সঙ্গে কেশবপুরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত আছেন। গত ২৮ অক্টোবর ২৬ তারিখে যশোর থেকে প্রকাশিত ‘দৈনিক প্রভাতফেরি’ ও ‘দৈনিক যশোর বার্তা’ পত্রিকায় তাঁকে জড়িয়ে “কুখ্যাত সন্ত্রাসী রুস্তম আলী গ্রেপ্তার” শিরোনামে একটি মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে তাঁকে চরমপন্থী দলের সদস্য এবং তাঁর বিরুদ্ধে থানায় নাশকতা ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে বলে উল্লেখ করা হয়।
বাদী পক্ষের দাবি, প্রকাশিত সংবাদের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই; এমনকি তাঁকে কখনো গ্রেপ্তার বা তাঁর নামে থানায় কোনো মামলা বা অভিযোগও নেই। পেশাদার সাংবাদিক রুস্তম আলীর সুনাম ক্ষুণ্ন করতে এবং তাঁর দীর্ঘদিনের অর্জিত সামাজিক মর্যাদা হেয় প্রতিপন্ন করতেই এই ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সাংবাদিক রুস্তম আলী বাদী হয়ে দৈনিক প্রভাতফেরি পত্রিকার কেশবপুর প্রতিনিধি মাহবুবুর রশিদ সবুজ এবং দৈনিক যশোর বার্তার কেশবপুর প্রতিনিধি জেবা খানের বিরুদ্ধে ৫০ লাখ টাকার মানহানি মামলা দায়ের করেন।
বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে অভিযোগের বিষয়ে তদন্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।


















