যশোরে নিষিদ্ধ কফ সিরাপসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক
যশোরে ৯০ বোতল কোডিনযুক্ত মাদকদ্রব্য ‘উইনকেরিক্স’সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন), যশোর ক্যাম্পের সদস্যরা। সোমবার (২ নভেম্বর) সকাল ৯টার দিকে শহরের মৃধাপাড়া মহিলা কলেজের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— ঝিনাইদহের মহেশপুর উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মোঃ হানিফ (২৯) এবং একই উপজেলার জলুলী উত্তরপাড়া গ্রামের মোঃ তুজাম্মেল মন্ডলের ছেলে মোঃ কামরুজ্জামান খোকা (৪৭)।
এসআরবি-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি দল শহরের মৃধাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি নীল রঙের ইজিবাইক থামিয়ে তল্লাশি করা হলে ইজিবাইক থেকে ৯০ বোতল মাদকদ্রব্য উইনকেরিক্স উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও ইজিবাইকটি জব্দ করে গ্রেপ্তারকৃত দুই আসামিকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ ইমামীম মুবীন সরকার সুমন জানান, আইনশৃঙ্খলা রক্ষা, মাদক বিস্তার রোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এসআরবির এই অভিযান সামনেও অব্যাহত থাকবে।













