১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাধীন কন্ঠ ডেস্ক
৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে আগামী ১০ থেকে ১২ নভেম্বর তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে জলবায়ু ন্যায়বিচার, অর্থায়ন, অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের অধিকার তুলে ধরবেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে একটি প্রতিনিধিদল তুরস্ক সফর করবে। এতে রয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।
এ ছাড়া সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রধানমন্ত্রীর মিডিয়া টিমের সদস্য এবং দেশের বিশিষ্ট ব্যক্তিরাও সফরসঙ্গী হিসেবে থাকবেন।
সালাহউদ্দিন নোমান চৌধুরী জানান, আগামী ১২ নভেম্বর জলবায়ু সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পাবে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে নারীদের বিশেষ ঝুঁকি এবং কৃত্রিম পাটজাত পণ্যের বিষয়েও কথা বলবেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান কম হলেও দেশটি জলবায়ু পরিবর্তনের কারণে ব্যাপক ঝুঁকির মুখে রয়েছে। এ পরিস্থিতিতে উন্নত দেশগুলোর কাছ থেকে জলবায়ু অর্থায়নে বাংলাদেশের ন্যায্য অধিকার নিশ্চিতের বিষয়টি তুলে ধরা হবে।
আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে বাংলাদেশের অবস্থান তুলে ধরার কথা জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, উন্নত দেশগুলো অতীতে বাংলাদেশকে অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। তবে ঝুঁকির মাত্রা বেশি হওয়া সত্ত্বেও বাংলাদেশ সব সময় প্রয়োজনীয় সহায়তা পায় না। সম্মেলনে এসব সহায়তায় বাংলাদেশের ন্যায্য অধিকার নিশ্চিতের বিষয়টি গুরুত্ব পাবে।
সফরকালে কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র সচিব জানান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ও তুরস্কের প্রেসিডেন্টসহ কয়েকটি দেশের নেতার সঙ্গে বৈঠক হতে পারে।


























