বাগেরহাটে একাধিক প্রকল্প উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাধীন কন্ঠ ডেস্ক
বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি বন্দরের হেলিপ্যাডে অবতরণ করে।
বন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রীকে সেখানে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান আইনমন্ত্রী আসাদুজ্জামান, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান, খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগার লবি এবং খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল।
প্রধানমন্ত্রীর দিনব্যাপী এই সফরের ব্যস্ত সূচি নিশ্চিত করে তাঁর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, মোংলায় প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচি সম্পন্ন করার পর তিনি বাগেরহাট সদরে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। সেখান থেকে সড়কপথে খুলনায় গিয়ে জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ প্রতিযোগিতাটির উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।
এর আগে, সকাল ৯টায় নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। এরপর ৯টা ১৫ মিনিটে তেজগাঁও থেকে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলা বন্দরের উদ্দেশে যাত্রা করেন তিনি।
মোংলা বন্দরে পৌঁছানোর পরপরই প্রধানমন্ত্রী ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যকার গুরুত্বপূর্ণ এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন।
পরবর্তী কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টা ৩০ মিনিটে মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি আধুনিক কনটেইনার জেটি নির্মাণ ও আনুষঙ্গিক সুবিধাদি উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
বন্দরের কর্মসূচিগুলো শেষ করে বেলা ১১টা ১৫ মিনিটে তিনি সড়কপথে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার শরীফের উদ্দেশে যাত্রা করবেন। দুপুর ১২টা ৪৫ মিনিটে মাজার প্রাঙ্গণে পৌঁছে মাজার জিয়ারত করার পর তিনি সরাসরি খুলনার উদ্দেশে রওনা হবেন।
বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের ক্রীড়াপ্রতিভা অন্বেষণে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। খুলনা সফর ও অনুষ্ঠানমালা শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে তাঁর রওনা হওয়ার কথা রয়েছে।





























