জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে: প্রতিমন্ত্রী অমিত
নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সরকারি কর্মকর্তাদের জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে। এমন সেবা দিতে হবে, যাতে কোনো নাগরিকের প্রশ্ন বা অভিযোগ না থাকে। ভূমি অফিসসহ সরকারি কোনো দপ্তরেই সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত এক টাকাও নেওয়া যাবে না।
শুক্রবার (৬ নভেম্বর ) সকালে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে চায়। সাধারণ মানুষ যেন সেবা নিতে গিয়ে কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে লক্ষ্যে সরকার কাজ করছে। জনগণের কষ্ট ও অভিযোগের জায়গাগুলো কমিয়ে আনাই সরকারের অন্যতম লক্ষ্য।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি গণমুখী সরকার গড়ে তুলতে চান। এই সরকার দেশের সব মানুষের সরকার। জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে সরকার একবিন্দুও সরে আসবে না।
ভূমিসেবা প্রসঙ্গে প্রতিমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ভূমিসংক্রান্ত সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে প্রায়ই বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়। এ অবস্থার পরিবর্তন করতে হবে। ভূমি অফিসে সেবা নিতে আসা প্রত্যেক নাগরিককে আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করতে হবে এবং সরকার নির্ধারিত ফির বিনিময়ে সেবা দিতে হবে। সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও জবাবদিহির মাধ্যমে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান তিনি।
সরকারি দপ্তরগুলো জনগণের সেবার জন্য উল্লেখ করে তিনি বলেন, সেবাপ্রার্থীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে এবং দ্রুততম সময়ে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হবে। জনগণের অর্থে পরিচালিত সরকারি প্রতিষ্ঠানে সাধারণ মানুষ যেন হয়রানি ও অনিয়মের শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
রামনগর ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ড্রেন ও রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করেন। এসব উন্নয়নকাজ বাস্তবায়িত হলে এলাকার নাগরিকদের চলাচল ও পানি নিষ্কাশন ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






















