যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শহর শাখা।
বৃহস্পতিবার সকালে শহরের ঈদগাহ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনিহার মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলের পূর্বে ঈদগাহ মোড়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসমাইল হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী।
সমাবেশে বক্তারা বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান ও আত্মত্যাগের প্রতীকী নিদর্শন জুলাই স্মৃতিস্তম্ভে যারা আগুন দিয়েছে, তারা দেশের শান্তি ও গণতন্ত্রের শত্রু। অবিলম্বে এই দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সাধারণ ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস ও রেজাউল করিম, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম রেজা এবং শহর জামায়াতের সেক্রেটারি ইমরান হোসেনসহ জামায়াত ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।






















