বিদ্রোহী সাহিত্য পরিষদের মাসিক সাহিত্যসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
যশোরের অন্যতম সাহিত্য সংগঠন বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি)-এর ২৬৪তম মাসিক সাহিত্যসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে যশোর শহরের পোস্ট অফিসপাড়াস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই সাহিত্যসভার আয়োজন করা হয়। বিএসপির সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে এবং সহসভাপতি কবি আতিয়ার রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে নজরুলবর্ষ উদ্যাপন উপলক্ষে কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি ‘বিদ্রোহী’ কবিতা নিয়ে একটি বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক ড. শাহনাজ পারভীন। এছাড়া গীতিকবিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন কবি ও গল্পকার রাশিদা আখতার লিলি। পরে সভায় পঠিত বিভিন্ন কবিতা নিয়ে বিশ্লেষণাত্মক আলোচনা করেন কবি সুরাইয়া শরীফ, কবি মো. মনিরুজ্জামান ও বকুল হক।
কবিতা পাঠ ও আলোচনা পর্বে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন চৌগাছার সাহিত্য সমাহারের প্রতিষ্ঠাতা কবি আবু রাসেল, বিএসপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, ভদ্রাবতী বিশ্বাস, অ্যাডভোকেট মাহমুদা খানম, আনোয়ারুল করিম, আহমেদ মাহবুব ফারুক, সীমান্ত বসু, মো. নাসির উদ্দিন, মতিয়ার রহমান, সানজিদা ফেরদৌস এবং শরীফ হোসেন ধীমান প্রমুখ।#






















