তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া ও খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় যশোরে বিভিন্ন অঙ্গসংগঠন ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে দোয়া মাহফিল ও স্মরণসভা অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠন এবং স্থানীয় ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে পৃথক পৃথকভাবে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বাদ আসর জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা মহিলা দলের উদ্যোগে মরহুমের রুহের মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম।
বিকেলে উপশহর খাজুরা বাস মালিক সমিতির কার্যালয়ে সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খাজুরা বাস মালিক সমিতির সভাপতি এ কে শরফুদ্দৌলা ছোটলু। এ সময় সমিতির অন্যান্য নেতৃবৃন্দসহ মোহাম্মদ ওয়াজেদ আলী সরদার, মোহাম্মদ এবিএস বেলাল, মোহাম্মদ রুহুল আমিন ও মোহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
বাদ জোহর নগর বিএনপির ৬ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে রায়পাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে স্থানীয় দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। যশোর নগর যুবদলের আয়োজনে হুশতলা মাঠপাড়াস্থ ফজলুল উলুম বাগে জান্নাত মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া শেষে সেখানকার কোরআন শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
পৃথক এসব ধর্মীয় ও স্মরণসভায় প্রধানত উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনাসরুল হক রানা, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবিসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ। অনুষ্ঠানগুলোতে মরহুম তরিকুল ইসলামের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করা হয় এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।






















