শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পুরনো দেশীয় ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ২ নম্বর লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের আমতলা মোড় ব্রিজসংলগ্ন একটি ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করে শার্শা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় আমতলা মোড় ব্রিজের পাশে স্থানীয় জামাল হোসেনের ধানক্ষেতে দুই ব্যক্তির উপস্থিতি টের পায় পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ওই দুই ব্যক্তি সঙ্গে থাকা পিস্তলটি ফেলে কৌশলে অন্ধকারে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি পুরনো দেশীয় ওয়ান শুটার পিস্তল উদ্ধার করে।
এ ঘটনায় পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা দুই ব্যক্তিকে আসামি করে শার্শা থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর-৪, তারিখ: ৬ নভেম্বর ২০২৬)। শার্শা থানা পুলিশ জানায়, আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।






















