তাহসিফের মৃত্যুর সুষ্ঠু তদন্ত চান বাবা, এখনো হয়নি মামলা
স্বাধীন কন্ঠ ডেস্ক
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন তাঁর বাবা কে এম এনায়েতুল করিম। এ ঘটনায় এখনো কোনো মামলা করেনি পরিবার। তবে মামলা করার চেয়ে সরকারের নিজস্ব আইনে ছেলের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন কে এম এনায়েতুল করিম।
তিনি বলেন, “আমার ছেলে দেশের একজন সুনাগরিক ছিল। সশস্ত্র বাহিনীর একজন সদস্য ছিল। তার এ ধরনের মৃত্যুর যেন সুষ্ঠু তদন্ত হয় এবং প্রকৃত কারণ বের হয়ে আসে।”
মামলার বিষয়ে তিনি বলেন, পরিবার এখনো মামলা করার সিদ্ধান্ত নেয়নি। মামলা করা হবে কি না, সে বিষয়েও সিদ্ধান্ত হয়নি। পারিবারিক নানা ব্যস্ততার কারণে শুক্রবারই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না বলে জানান তিনি।
কে এম এনায়েতুল করিম বলেন, “আমরা পারিবারিকভাবে এখনো কোনো ধরনের মামলার সিদ্ধান্ত নিইনি। মামলা করব কি না, সে বিষয়েও সিদ্ধান্ত হয়নি। আজ আমাদের নানা ব্যস্ততা আছে। হয়তো আজ এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব না। তবে আমরা চাই, থানায় গিয়ে দুই কলম কী লিখলাম বা না লিখলাম, সেটির ওপর সরকার গুরুত্ব না দিয়ে নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নিক।”
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, নিহত তাহসিফের বাবাকে ফোন করে থানায় মামলা করার জন্য বলা হয়েছে। তবে তিনি এখনো থানায় আসেননি।
এদিকে তাহসিফের মৃত্যুর ঘটনায় তাঁর জুনিয়র বন্ধু দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন দীপ।
তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। পরিবারও ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর রহস্য উন্মোচনের দাবি জানিয়েছে।


























