যশোর সীমান্তে চোরাচালানি মালামাল আটক
নিজস্ব প্রতিবেদক
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ছয় লক্ষ টাকারও বেশি মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের বিশেষ টহলদল সীমান্তবর্তী এলাকায় এ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৭২টি শাড়ি, ১টি কম্বল, ৫টি চাদর, ৩টি ওয়ান পিস, ৪ প্যাকেট ফুসকা, ২ প্যাকেট সনপাপড়ি এবং ৩৮৯টি কসমেটিক্স সামগ্রী। জব্দকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৬ লক্ষ ১৮ হাজার ৩০০ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচার রোধে বিজিবির বিশেষ গোয়েন্দা নজরদারি ও নিয়মিত আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই চালানটি আটক করা সম্ভব হয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ পাচার রোধে বিজিবির এমন কঠোর অভিযান ভবিষ্যতেও জারি থাকবে বলে জানান তিনি।























