টোকিও নারিতা বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটি: প্রধানমন্ত্রীর ভিভিআইপি ফ্লাইট উড্ডয়নে বিলম্ব
স্বাধীন কন্ঠ ডেস্ক
জাপানের টোকিও নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ত্রুটি ধরা পড়ার কারণে ফ্লাইটটির উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর ফলে উড্ডয়ন অপেক্ষায় থাকা বিমানটি বিমানবন্দরে আটকে পড়েছে এবং প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের দেশে ফেরার জন্য অপেক্ষা করতে হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনুর আহমেদ জানান, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি৩৭৭’ ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে সময়মতো উড্ডয়ন করতে পারছে না। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ার ক্রু ও প্রকৌশল দল দ্রুত ত্রুটি নিরসনে কাজ চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে পরবর্তী আপডেট যথাসময়ে জানানো হবে।
বিমান সূত্র জানায়, ভিভিআইপি যাত্রীদের বহনকারী বিজি-৩৭৭ ফ্লাইটটির নির্ধারিত সময়েই নারিতা বিমানবন্দর ত্যাগ করার কথা ছিল। সকল যাত্রীর বোর্ডিং সম্পন্ন হওয়ার পর উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। পরে রানওয়ের দিকে ট্যাক্সি করার সময় ককপিটে স্পয়লারসংক্রান্ত ত্রুটির সংকেত দেখতে পান পাইলট।
যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন পাইলট। এরপর কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজটিকে নিরাপদে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে আনা হয়।
ত্রুটি শনাক্ত হওয়ার পরপরই বিমানটির কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ শুরু করেন প্রকৌশলীরা। সংশ্লিষ্ট প্রকৌশল শাখা সূত্রে জানা গেছে, ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি দক্ষ কারিগরি দল ত্রুটি সারানোর জন্য নিরলস কাজ করছে।
বিমান বিশেষজ্ঞরা জানান, উড়োজাহাজের ডানায় অবস্থিত স্পয়লারটি অবতরণের সময় গতি রোধ করতে এবং উড্ডয়নের বিভিন্ন ধাপে বিমান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এতে কোনো ধরনের ত্রুটি দেখা দিলে সম্পূর্ণ নিরাপদ ফ্লাইট পরিচালনার স্বার্থে তা নিবিড়ভাবে পরীক্ষা ও মেরামত করা অত্যন্ত জরুরি।


























