বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নেওয়ার খবর নাকচ করল জাপান
স্বাধীন কন্ঠ ডেস্ক
বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে জাপান সরকারের সম্মতি দেওয়ার খবর নাকচ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। জাপানের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। এমনকি সম্প্রতি অনুষ্ঠিত দুই দেশের শীর্ষ বৈঠকেও এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সেক্রেটারি কিতামুরা তোশিহিরো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
পোস্টে তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে জাপান সরকার। তবে এ দাবির কোনো সত্যতা নেই।
কিতামুরা তোশিহিরো আরও জানান, গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত জাপান ও বাংলাদেশের শীর্ষ বৈঠকেও বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি।
এ বিষয়ে প্রকৃত তথ্য জানতে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত দুই দেশের শীর্ষ বৈঠকের আনুষ্ঠানিক বিবরণ দেখার পরামর্শ দিয়েছেন তিনি।
সম্প্রতি বাংলাদেশ থেকে জাপানে বিপুলসংখ্যক কর্মী নেওয়ার খবর দেশের বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে স্পষ্ট হয়েছে, বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার বিষয়ে দেশটির সরকারের সম্মতির যে দাবি প্রচারিত হয়েছে, তা সঠিক নয়।




























