যশোর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
নিজস্ব প্রতিবেদক
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ১৭ লাখ ৩৭ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩০ অক্টোবর) বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) এলাকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এ অভিযান চালায়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ১৩৪টি শাড়ি, ১৯টি কম্বল, ১৩২টি চাদর, ১৩ প্যাকেট ফুসকা ও ৪১৬টি প্রসাধনসামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৩৭ হাজার ১০০ টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
তিনি বলেন, মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য পাচারের সঙ্গে জড়িত চক্রকে আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
























