লংমার্চ সফল করতে যশোরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-যশোর অভিমুখে লংমার্চ সফল করার লক্ষ্যে যশোরে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেলে যশোর শহর জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
গণমিছিলটি শহরের ঈদগাহ মোড় থেকে শুরু হয়ে মনিহারে গিয়ে শেষ হয়। এতে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। পরে সেখানে আয়োজিত সমাবেশে নেতারা ১১ দলীয় ঐক্যের ঘোষিত সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন যশোর শহর জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন। প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস ও বেলাল হুসাইন, ভিপি আব্দুল কাদের, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস এবং শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম রেজা।
বক্তারা বলেন, ১১ দলীয় ঐক্যের ঘোষিত সাত দফা দাবি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে। আগামী ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে তাঁরা নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।






















