বিএনপিতে কোনো অপরাধীর জায়গা নেই: যুবদল সম্পাদক নয়ন
নিজস্ব প্রতিবেদক
বিএনপিতে কোনো অপরাধীর আশ্রয় হবে না এবং অপরাধীদের ছাড় দেওয়ার সংস্কৃতিতেও দল বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নূরুল ইসলাম নয়ন। তিনি নেতাকর্মীদের জনগণের পক্ষে কাজ করে তাদের হৃদয় জয় করার এবং যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে যশোর টাউন হল ময়দানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম নয়ন বলেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের পর জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে। এই আনন্দে আত্মহারা হয়ে বেপরোয়া জীবনযাপনের কোনো সুযোগ নেই। সবাইকে ঐক্যবদ্ধ থেকে রাজপথের সব অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকতে হবে। বিএনপি কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে দেশকে অশান্ত করতে দেবে না।
সরকারবিরোধী ষড়যন্ত্রকারীদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, যারা পরিকল্পিতভাবে সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে ব্যস্ত, তাদের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের মাধ্যমে প্রতিহত করতে হবে। আমাদের মূল কাজ হলো সরকারকে সহযোগিতা করা। সরকারের পক্ষে যাঁরা যে দায়িত্বে রয়েছেন, তাঁদের সহযোগিতার মাধ্যমে সরকারকে সফল করতে হবে।
দলের ভেতরে শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দিয়ে যুবদলের এই শীর্ষ নেতা বলেন, জনগণের পক্ষে কাজ করে তাদের হৃদয় জয় করতে হবে। বিএনপিতে কোনো অপরাধীর আশ্রয় হবে না। দলের কেউ অপরাধে জড়ালে তাকে ছাড় দেওয়ার সুযোগ নেই। এর ব্যত্যয় ঘটলে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ও যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
যশোর জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানার পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন যুবদলনেতা অধ্যাপক আমিনুর রহমান মধু, আরিফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী, কবির হোসেন বাবুসহ বিভিন্ন পৌর ও উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। সমাবেশে জেলা ও উপজেলা বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।






















