পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা
স্বাধীন কন্ঠ ডেস্ক
রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করা এবং দলটির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণসংহতি আন্দোলন। একই সঙ্গে সব রাজনৈতিক দলের কার্যালয় ও নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে দলটি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দলটির প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ নীলু ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এই নিন্দা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে এবং হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। এছাড়া যেকোনো মূল্যে রাজনৈতিক দলের কার্যালয় ও নেতা-কর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
উল্লেখ্য, গত সোমবার (২৬ অক্টোবর) রাতে রাজধানীর পল্টনের মুক্তি ভবনে কতিপয় যুবক হামলা চালায়। এ ঘটনায় সিপিবির পক্ষ থেকে বিএনপির নেতাকর্মীদের দায়ী করা হলেও বিএনপির পক্ষ থেকে এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে অস্বীকার করা হয়েছে।



























