যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
যশোরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর মার্শাল আর্ট ইভেন্টের যশোর পৌরসভা দল বাছাই পর্ব। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে যশোর জেলা স্টেডিয়ামের আমেনা গ্যালারি চত্বরে এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাছাই পর্বে কারাতে, তায়কোয়ানডো ও উশু—এই তিনটি ইভেন্টে বিভিন্ন বয়সের শিশু-কিশোর খেলোয়াড়রা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। সকাল থেকেই অভিভাবকরা তাঁদের সন্তানদের নিয়ে নির্ধারিত ভেন্যুতে উপস্থিত হন। এ সময় পুরো চত্বরজুড়ে অংশগ্রহণকারী খেলোয়াড় ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
বাছাই কার্যক্রমে উপস্থিত থেকে সার্বিক দিকনির্দেশনা ও তদারকি করেন মার্শাল আর্ট ইভেন্টের আহ্বায়ক মো. ফিরোজ হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন কারাতে কোচ গৌরাঙ্গ কুমার, তায়কোয়ানডোর জেলা ও বিভাগীয় কোচ এবং রেফারি মো. তবিবুর রহমান, যশোর জেলা উশু কোচ মো. ইমামুল হোসেন এবং তায়কোয়ানডো কোচ আব্দুল্লাহ আল তৌহিদ। এ ছাড়াও বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত থেকে তরুণ প্রতিভাদের উৎসাহিত করেন।
বাছাই কার্যক্রমে উপস্থিত কোচ ও সংগঠকরা আশা প্রকাশ করেন, এ ধরনের নিয়মিত আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় শিশু-কিশোর খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সঠিক সুযোগ তৈরি হবে। পাশাপাশি এসব উদীয়মান ক্রীড়াবিদের মধ্য থেকেই ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম অর্জনে সক্ষম দক্ষ খেলোয়াড় গড়ে উঠবে।






















