যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক
যশোরে ২৪ লাখ টাকার বেশি মূল্যের একটি স্বর্ণের বারসহ জালাল উদ্দিন শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের আফিল জুট মিলের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১১৬ দশমিক ৬৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার, একটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ২৪০ টাকা জব্দ করা হয়। আটক জালাল উদ্দিন শেখ পিরোজপুর জেলার জিয়ানগর থানার চর বারইখালী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত কাসেম আলী শেখ।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে বিজিবির একটি বিশেষ আভিযানিক টহল দল যশোর-বেনাপোল মহাসড়কের আফিল জুট মিলের সামনে অভিযান চালায়। এ সময় জালাল উদ্দিনকে আটক করা হয়। পরে তার শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা স্বর্ণের বারটি উদ্ধার করা হয়। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণটি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।
বিজিবি জানায়, উদ্ধার করা স্বর্ণের বারের মূল্য ২৪ লাখ ৪২ হাজার ৬৭ টাকা। এ ছাড়া জব্দ করা মোবাইল ফোনের মূল্য ২০ হাজার টাকা এবং নগদ অর্থের পরিমাণ ৩ হাজার ২৪০ টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মোট মূল্য ২৪ লাখ ৬৫ হাজার ৩০৭ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, কিছুদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। স্বর্ণ পাচারকারী ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণসহ পাচারকারীকে আটক করা সম্ভব হচ্ছে।তিনি আরও জানান, সীমান্তে স্বর্ণ পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






















