চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আনুষ্ঠানিক আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আজ রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ থেকে ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ সফরে তাঁর সঙ্গে একটি উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধি দল অংশ নিচ্ছে।
প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় এই সফরে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সফরসঙ্গী হিসেবে থাকছেন। উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এ ছাড়া প্রতিনিধি দলে রয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং একটি মিডিয়া দল।
চার দিনের এই সরকারি সফরে ঢাকা ও টোকিওর দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় ও গতিশীল করার পাশাপাশি একাধিক কৌশলগত খাতে আলোচনার বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে ঢাকার মেট্রোরেলসহ বাংলাদেশে চলমান মেগা অবকাঠামো প্রকল্পগুলোর নির্মাণ ব্যয় পুনর্বিবেচনা এবং জাপানি ঋণের সুদের হার কমানোর সুনির্দিষ্ট প্রস্তাব উত্থাপন করবে বাংলাদেশ। এর পাশাপাশি বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ এবং উভয় দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য।
ঘোষিত সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেবেন। এ ছাড়া সফরকালে তিনি জাপানের বিভিন্ন সরকারি-বেসরকারি খাতের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন, শিল্প ও জ্বালানি স্থাপনা সরজমিনে পরিদর্শন করবেন এবং ঐতিহ্যবাহী ‘বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে’ মূল বক্তব্য দেবেন।

























