৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় জোটের দীর্ঘ ঘোষিত লংমার্চ সফল করার লক্ষ্যে যশোরে ব্যাপক প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ করেছেন ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। রোববার সন্ধ্যায় শহরের কেন্দ্রস্থল দড়াটানা ভৈরব চত্বর থেকে এই লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়।
সদর উপজেলা এনসিপির আয়োজনে নেতাকর্মীরা ভৈরব চত্বর থেকে শুরু করে যশোর শহরের ঐতিহ্যবাহী বড় বাজারের বিভিন্ন গলি ও মার্কেটে ব্যবসায়ী, ক্রেতা এবং পথচারীসহ সাধারণ মানুষের হাতে এ লিফলেট তুলে দেন। বিতরণকৃত লিফলেটের মাধ্যমে তাঁরা জোটের ঘোষিত ‘সাতদফা দাবি’ উপস্থাপন করেন এবং ৩১ অক্টোবরের কর্মসূচিতে সর্বস্তরের জনগণকে অংশ নেওয়ার আহ্বান জানান।
প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা এনসিপির আহ্বায়ক নুরুজ্জামান, সদস্য সচিব মনিরুজ্জামান আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, যুগ্ম-সদস্য সচিব আব্দুর রহমান ও সাজিদ সরোওয়ার, সাংগঠনিক সম্পাদক আশা লতা, সহ-সাংগঠনিক সম্পাদক খালিদ কবির, সদস্য মোহাম্মদ হাসান, সদর উপজেলার আহ্বায়ক ফিরোজ হাসান এবং ছাত্রশক্তির জেলা সদস্য সচিব আল হাসিবসহ দলীয় নেতাকর্মীরা।























