যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সেবার মান বাড়াতে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়েছে। আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ‘হিউম্যান আপিল ইউএসএ’-এর উদ্যোগে এসব চিকিৎসাসামগ্রী প্রদান করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে যশোর সার্কিট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চিকিৎসাসামগ্রী বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে চিকিৎসাসামগ্রীগুলো সঠিকভাবে এবং সম্পূর্ণ বিনামূল্যে পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি বিশেষভাবে গুরুত্বারোপ করে বলেন, বিতরণ করা সামগ্রী যেন প্রকৃত রোগীরা যথাযথভাবে পান এবং কোনো অবস্থাতেই যেন চিকিৎসাধীন রোগীদের কাছ থেকে এর জন্য কোনো অর্থ নেওয়া না হয়, তা নিশ্চিত করতে হবে।
চিকিৎসাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, হাসপাতালের তত্বাবধায়ক হুসাইন সাফায়েতসহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও হাসপাতালের প্রতিনিধিবৃন্দ।
সংশ্লিষ্টরা আশা করছেন, হিউম্যান আপিল ইউএসএ’র এই উদ্যোগ যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসাসামগ্রীর ঘাটতি দূর করতে এবং স্বাস্থ্যসেবার মান চিকিৎসাধীন ব্যক্তিদের কাছে সুনিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখবে।






















