যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির
নিজস্ব প্রতিবেদক
যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও অনিয়মের অভিযোগ তুলেছেন বিরোধী দলের পাঁচ সংসদ সদস্য (এমপি)। তাঁদের দাবি, প্রকৃত ব্যবসায়ী ও কৃষি সংশ্লিষ্ঠ যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করে অবৈধ লেনদেন ও দলীয় বিবেচনায় ৯৩টি ইউনিয়ন এবং আটটি পৌরসভায় বিতর্কিতভাবে ডিলারশিপ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় যশোর প্রেসক্লাবে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করার সময় এসব গুরুতর অভিযোগ তোলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রছুল এমপি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, যশোরের পাঁচটি সংসদীয় আসনে বিরোধী দলের এমপি থাকা সত্ত্বেও সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় তাঁদের পরামর্শ ও সুপারিশ সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। অভিযোগ করে তিনি বলেন, জেলা প্রশাসক সরকারদলীয় ব্যক্তিদের দেওয়া তালিকা চূড়ান্ত করে কৃষি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। এখানে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের চেয়ে দলীয় পরিচয়কেই মুখ্য হিসেবে দেখা হয়েছে।
লিখিত বক্তব্যে এমপিদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সম্প্রতি নিয়োগ পাওয়া ডিলারদের মধ্যে মাদকসহ আটক এক কারবারির স্ত্রী, একাধিক ফৌজদারি মামলার আসামি এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীও রয়েছেন।
এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের সার ও বীজ মনিটরিং কমিটিতে কৃষক, ব্যবসায়ী ও সামাজিক প্রতিনিধিদের অন্তর্ভুক্তির ক্ষেত্রেও সংসদ সদস্যদের কোনো মতামত নেওয়া হয়নি। উল্টো উপজেলা ও জেলা বিএনপির নেতাকর্মীদের এই কমিটিগুলোতে সুযোগ দেওয়া হয়েছে বলে তাঁরা দাবি করেন।
বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, কৃষি প্রধান অঞ্চলে সার ডিলার নিয়োগে এমন অনিয়ম ও দলীয়করণে প্রকৃত ব্যবসায়ীরা যেমন বঞ্চিত হচ্ছেন, তেমনি কৃষিখাত ও দেশের সার্বিক স্বার্থ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সংবাদ সম্মেলন থেকে সার ডিলার নিয়োগে এ ধরণের দলীয়করণ ও দুর্নীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে অবিলম্বে বিতর্কিত সকল ডিলারশিপ বাতিল করে সরকারি বিধিবিধান কঠোরভাবে অনুসরণপূর্বক প্রকৃত, সৎ ও যোগ্য ব্যবসায়ীদের নিয়োগ দেওয়ার জোরালো দাবি জানান পাঁচ এমপি। এসময় উপস্থিত ছিলেন, জামায়াত মনোনীত এমপি আজিজুর রহমান, মোসলেহ উদ্দীন ফরিদ, মোক্তার আলী প্রমুখ।


























