মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫
নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ীর পাংশায় মাকে সঙ্গে নিয়ে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি নজরুল ইসলাম। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে ৫০ থেকে ৭০ জন নেতা-কর্মী অংশ নেন বলে জানা গেছে।
রোববার (৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পাংশা থানা-পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে। পরে তাদের আদালতে পাঠানো হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলার বাগমারা গ্রামের সাইফুল প্রামাণিক (২০), ইরান প্রামাণিক (২২), নয়ন মোল্লা (২০), রাব্বি হোসেন (২২) এবং মেঘনা উত্তরপাড়া গ্রামের সুহান শেখ ওরফে সোহান (২৩)।
পুলিশ জানায়, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর পাংশা থানায় দায়ের করা একটি মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী।
পুলিশের অভিযোগ, গত ৭ নভেম্বর ভোরে সরকারবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে বাহাদুরপুর এলাকায় সংগঠিত হয়ে তারা মিছিলে অংশ নেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি পুলিশের।
এদিকে, শনিবার সন্ধ্যার পর মিছিলের ছবি ও ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন নজরুল ইসলাম। পোস্টে তিনি মাকে সঙ্গে নিয়ে নিজ এলাকায় মিছিল করার কথা জানান। একই সঙ্গে অতীতে নিজের ও পরিবারের ওপর হামলা, হুমকি, বাড়িঘর ভাঙচুর এবং চাঁদা দাবির অভিযোগ তোলেন।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর কিছুটা সুস্থ হয়ে আবার চলাফেরা শুরু করেছেন জানিয়ে আন্দোলনের কার্যক্রম চালিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, মাস্ক পরা এক নারী ব্যানারের সামনে হাত উঁচিয়ে স্লোগান দিচ্ছেন। তাঁর পেছনে আরও কয়েকজনকে স্লোগান দিতে দেখা যায়।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) রাকিবুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি ও ভিডিও পাওয়া গেছে। এগুলোর সত্যতা যাচাইয়ের জন্য পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনাস্থলে পাঠানো হয়েছে।




























