প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আখতার আহমেদ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১ হাজার ৫০টিতে ভোটগ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মেয়াদোত্তীর্ণ ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ সংখ্যা আরও কিছুটা বাড়তে পারে।
তিনি আরও বলেন, ছয় বছর বয়স থেকেই জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য নিবন্ধনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। প্রাথমিক শিক্ষায় ভর্তির সময় শিশুদের যে তথ্য দেওয়া হয়, তা নিয়ে একটি তথ্যভান্ডার তৈরির বিষয়ে আলোচনা চলছে।
ইভিএম ব্যবহারের বিষয়ে ইসি সচিব বলেন, আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। এসব যন্ত্র নিষ্পত্তির জন্য চূড়ান্ত মজুত যাচাইয়ের কাজ শুরু হয়েছে। কী পদ্ধতিতে এগুলো নিষ্পত্তি করা হবে, সে বিষয়ে সুপারিশ পাওয়ার পর সিদ্ধান্ত জানানো হবে।


























