যশোরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ-পশ্চিম জনপদের ‘উন্নয়ন কারিগর’ হিসেবে পরিচিত, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে যশোরে নানা বিস্তৃত কর্মসূচি পালন করা হয়।
সকাল সাড়ে ১০টায় শহরের কারবালা কবরস্থানে এ বরেণ্য রাজনীতিকের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের শুভসূচনা হয়। জেলা বিএনপি এ কবর জিয়ারতের আয়োজন করে, যেখানে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।
কবর জিয়ারত শেষে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকাল থেকেই দলীয় কার্যালয়ে শুরু হয় কোরআন খতম।
কবর জিয়ারত ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলি, তরিকুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শান্তনু ইসলাম সুমিত, যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক, সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুস সালাম আজাদ, এ কে শরফুদ্দৌলা ছোটলু এবং জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা সহ স্থানীয় নেতাকর্মী ও ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিল শেষে জেলা কার্যালয়ে জেলা ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং জেলা মৎস্যজীবী দলের পক্ষ থেকে মুসল্লিদের মাঝে জায়নামাজ, টুপি ও তাসবিহ বিতরণ করা হয়। এছাড়া জেলা সদরসহ সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।























